loader image
Skip to main content

Khabar Siliguri

শিলিগুড়ি: মাদক পাচারের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮৬ গ্রাম ব্রাউন সুগার-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার গভীর রাতে শিলিগুড়ি শহরের ৫ নম্বর ওয়ার্ডের রামঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রাতে খালপাড়া ফাঁড়ির পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের রামঘাট এলাকায় ব্রাউন সুগারের কারবার হতে চলেছে। খবর পাওয়ার পরই দেরি না করে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় পৌঁছে যায়। এরপর রামঘাট ব্রিজের নিচে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক যুবককে। পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পাশাপাশি তাঁর দেহ ও সঙ্গে থাকা সামগ্রীতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় ওই যুবকের কাছ থেকে মোট ২৮৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। এরপরই তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ধৃত যুবকের নাম এমডি কেদার। বয়স ২৬ বছর। তিনি শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া ব্রাউন সুগার অন্য কারও হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যেই ওই যুবক সেখানে উপস্থিত হয়েছিলেন। তবে তাঁর পরিকল্পনা সফল হওয়ার আগেই পুলিশের অভিযানে ধরা পড়ে যান তিনি।

এই মাদক কারবারের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, কোথা থেকে এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার আনা হয়েছিল এবং শহরের আর কোথায় কোথায় এই মাদক সরবরাহের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

ধৃত যুবককে শিলিগুড়ি আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারের সঙ্গে যুক্ত বৃহত্তর চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চালানো হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *