loader image
Skip to main content

Khabar Siliguri

শিলিগুড়ি: শীতের মরসুমে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু সংক্রমণের ঝুঁকি কমাতে চানমণি উত্তরায়ন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশেষ ফ্লু ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ২ নভেম্বর থেকে শুরু হওয়া এই শিবির চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। সম্পূর্ণ অলাভজনক উদ্যোগে অত্যন্ত স্বল্পমূল্যে উত্তরায়নের বাসিন্দাদের জন্য এই টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরাসরি সংস্থার কাছ থেকে ভ্যাকসিন সংগ্রহ করা হচ্ছে এবং ভ্যাকসিনের কার্যকারিতা বজায় রাখতে যথাযথ কোল্ড চেন মেনে সংরক্ষণ করা হচ্ছে।

চিকিৎসক মানস কুমার দাস জানান, বর্তমানে এই শিবিরে যে টেট্রাভ্যালেন্ট ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তা চারটি গুরুত্বপূর্ণ ভাইরাস স্ট্রেন H1N1, H3N2, Tokyo ও Phuket-এর বিরুদ্ধে সুরক্ষা দিতে সাহায্য করে। তবে এই টিকা নেওয়ার অর্থ যে ফ্লু সংক্রমণ সম্পূর্ণ প্রতিরোধ হবে, তা নয়। বরং সংক্রমণ হলেও তার তীব্রতা ও জটিলতা কমাতে এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছয় মাস বয়স থেকে প্রবীণ ব্যক্তি পর্যন্ত সকলেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই টিকা নিতে পারেন। সাধারণত বছরে একবার এই টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

অন্যদিকে, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক রঞ্জিত ভগত জানান, শিশুদের ক্ষেত্রে ছয় মাস বয়সে প্রথম ডোজ এবং এক মাস পর দ্বিতীয় বা বুস্টার ডোজ দেওয়া হয়। এরপর পাঁচ বছর বয়স পর্যন্ত প্রতি বছর টিকা নেওয়ার পরামর্শ রয়েছে। বিশেষ করে দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য এই টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থার শেষ তিন মাসে মাকে টিকা দিলে তাঁর শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি গর্ভস্থ শিশুর শরীরেও পৌঁছায়, যা জন্মের পর প্রথম ছয় মাস পর্যন্ত শিশুকে সুরক্ষা দিতে সাহায্য করে।

চিকিৎসকরা জানান, টিকা নেওয়ার পর সামান্য জ্বর বা র‍্যাশের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। শিবিরে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে চিকিৎসকদের তত্ত্বাবধানে টিকাকরণ চলছে। আগামী বছর থেকে আরও নির্দিষ্টভাবে আগস্ট-সেপ্টেম্বর মাসে এই কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *