শিলিগুড়ি শহরের পরিচ্ছন্নতা ও নাগরিক পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশের পরেই তৎপর হল শিলিগুড়ি পুরনিগম। শহরের বিভিন্ন প্রান্তে জমে থাকা আবর্জনা সরিয়ে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে বুধবার সকাল থেকে শুরু হয়েছে বিশেষ ৭২ ঘণ্টার সাফাই অভিযান। এই কর্মসূচিকে সফল করতে পাঁচটি পৃথক দল গঠন করে শহরের বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতার কাজ চালানো হচ্ছে।
অভিযানের প্রথম দিন থেকেই মাঠে নেমে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন পুর প্রশাসক আর বিমলা। শহরের প্রধান রাস্তা থেকে শুরু করে অলিগলি, জনবহুল এলাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা জঞ্জাল সরানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সাফাই কর্মীদের নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন পুর প্রশাসক জানান, শহরের প্রতিটি এলাকাকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু এককালীন সাফাই অভিযান নয়, আগামী দিনেও শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত নজরদারি চালানো হবে। কোথাও আবর্জনা জমে থাকতে দেখলে তাৎক্ষণিকভাবে পুরনিগমের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানানোর জন্য শহরবাসীর কাছে আবেদনও জানান তিনি।