শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মুরলিগঞ্জ চেকপোস্টে পুলিশের অভিযানে উদ্ধার হল ৪৫টি মহিষ। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি মোষ পরিবহণে ব্যবহৃত দুটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ভোরে মুরলিগঞ্জ চেকপোস্টে সন্দেহজনকভাবে চলাচল করা AS 01S 9607 এবং AS 23BC 9596 নম্বরের দুটি গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় একটি গাড়ি থেকে ১৯টি এবং অপর গাড়ি থেকে ২৬টি মহিষ উদ্ধার করেন পুলিশকর্মীরা। সব মিলিয়ে দুটি গাড়িতে মোট ৪৫টি মহিষ পরিবহণ করা হচ্ছিল।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়ি দুটিতে মহিষ পরিবহণের জন্য প্রয়োজনীয় বৈধ নথিপত্র ছিল না। এরপর উদ্ধার হওয়া সমস্ত মহিষ সহ দুটি গাড়ি নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় আইনানুগ ধারায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। কী উদ্দেশ্যে এবং কোথায় মহিষগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।