চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখনই তাঁকে চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি দেওয়া যাবে না। আগে রাজ্যের সরকারি হাসপাতাল এসএসকেএম-এ চক্ষু পরীক্ষা করাতে হবে (Eye treatment)। সেখান থেকে রিপোর্ট পাওয়ার পরই আদালত বিদেশযাত্রার (Foreign travel) বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বিচারপতি ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানকে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। ওই বোর্ড অভিষেককে পরীক্ষা করবে। বিচারপতি জানান, চিকিৎসকদের সেই মেডিকেল রিপোর্টে যদি উঠে আসে যে অভিষেকের চিকিৎসা কলকাতায় সম্ভব নয়, তবেই বিদেশযাত্রার বিষয়টি বিবেচনা করা হবে।
এদিন শুনানিতে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য দাবি করেন, গত ১০ বছর ধরে অভিষেক আমেরিকায় তাঁর চোখের চিকিৎসা করাচ্ছেন। তাই নিয়মিত চিকিৎসার জন্য তাঁর বিদেশ যাওয়া প্রয়োজন। তবে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। তাঁর দাবি, অভিষেক একাধিক মামলার সঙ্গে জড়িত, তাই এখন বিদেশ যাওয়ার অনুমতি দিলে তদন্তে প্রভাব পড়তে পারে।
উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে এক পথ দুর্ঘটনায় চোখের নীচে গুরুতর চোট পেয়েছিলেন অভিষেক। এরপর থেকেই তিনি নিয়মিত চিকিৎসা করিয়ে আসছেন। অন্যদিকে, এদিন হাইকোর্ট ডিজে মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ অক্টোবর মাস পর্যন্ত বৃদ্ধি করেছে। তবে তাঁকে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত, গত বুধবার বিধাননগর আদালতে অভিষেক তাঁর কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। বিচারপতি জানিয়েছেন, বিদেশ যাওয়ার আবেদনের বিষয়টি অগাস্ট মাসে পুনরায় শুনানি হবে।