শিলিগুড়ি: মাটিগাড়ার ওয়েবেল আইটি পার্কে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস করল শিলিগুড়ি পুলিশ ও এসটিএফ। গতকাল গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ওয়েবেল আইটি পার্কের একটি কল সেন্টারে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশের বিশাল বাহিনী। অভিযানে উপস্থিত ছিলেন ডিসিপি-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং এসটিএফের সদস্যরা।
অভিযোগ, ওই কল সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরে বিদেশি নাগরিকদের লক্ষ্য করে প্রতারণামূলক ফোন করা হচ্ছিল। বিভিন্ন কৌশলে বিদেশিদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।
অভিযান চালিয়ে পুলিশ কল সেন্টার থেকে একাধিক সামগ্রী ও নথিপত্র উদ্ধার করার পাশাপাশি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।
আজ এই ঘটনায় গ্রেপ্তার হওয়া মোট ১২ জন অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। ধৃতদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৪ জন মহিলা রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের অধিকাংশেরই বয়স তুলনামূলকভাবে কম।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে ওই কল সেন্টার থেকে বিদেশি নাগরিকদের টার্গেট করে প্রতারণামূলক কল পরিচালনা করা হচ্ছিল। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, প্রতারণার মাধ্যমে কত টাকা লেনদেন হয়েছে এবং এর পিছনে কোনও বড় নেটওয়ার্ক রয়েছে কি না—তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
ঘটনাকে কেন্দ্র করে মাটিগাড়া ও শিলিগুড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদালতে পেশের পর অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।