loader image
Skip to main content

Khabar Siliguri

শিলিগুড়ি: শহরের যানজট নিয়ন্ত্রণে টোটো চলাচলকে নির্দিষ্ট রুটের আওতায় আনতে বড় পদক্ষেপ নিল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ।শহরকে ছটি জোনে ভাগ করে প্রতিটি জোনে নির্দিষ্ট সংখ্যক টোটো চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।সেই পরিকল্পনার অংশ হিসেবে বৃহস্পতিবার ভক্তিনগর ট্রাফিক গার্ডের উদ্যোগে টোটো চালকদের জন্য চালু করা হলো নতুন রুট ও বারকোড ব্যবস্থা।শহরে রুট ওয়ান,রুট টু,রুট থ্রি,রুট ফোর,রুট ফাইভ ও রুট সিক্স এই ছটি রুট নির্ধারণ করা হয়েছে।প্রতিটি রুটের টোটোকে দেওয়া হচ্ছে নির্দিষ্ট বারকোড ও স্টিকার।বৃহস্পতিবার ভক্তিনগর ট্রাফিক গার্ডের চেকপোস্ট ওয়ান এলাকায় থাকা টোটোগুলির রুট নির্ধারণ করে রুট ওয়ানের বারকোড ও স্টিকার তুলে দেওয়া হয় চালকদের হাতে।উল্লেখ্য,টোটো চলাচল নিয়ন্ত্রণে শহরকে একাধিক জোনে ভাগ করে প্রতিটি জোনে নির্দিষ্ট সংখ্যক টোটো চালানোর পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার।সেই পরিকল্পনাকেই এবার ধাপে ধাপে বাস্তবায়নের পথে এগোচ্ছে ট্রাফিক পুলিশ।নির্ধারিত জোন ও রুট অনুযায়ী টোটো চলাচল করলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহনের চাপ অনেকটাই কমবে বলে মনে করছে পুলিশ।এদিনের অনুষ্ঠানে পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান,রুটভিত্তিক এই ব্যবস্থা চালু হলে টোটো চলাচলের উপর নজরদারি আরও সহজ হবে ও শহরের যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।কোনও টোটো চালক নির্ধারিত রুটের নিয়ম ভেঙে অন্য রুটে চলাচল করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।নতুন এই ব্যবস্থায় খুশি টোটো চালকেরাও। তাঁদের বক্তব্য, আগে টোটো নিয়ে রাস্তায় বের হলে বিভিন্ন ক্ষেত্রে হয়রানির মুখে পড়তে হতো।এখন নির্দিষ্ট রুটের বারকোড ও স্টিকার থাকায় টোটোর পরিচয় ও নির্ধারিত রুট সহজেই বোঝা যাবে।ফলে অযথা সমস্যার মুখে পড়তে হবে না বলেই মনে করছেন তাঁরা।একইসঙ্গে ট্রাফিক পুলিশের নির্ধারিত রুট মেনেই টোটো চালানোর প্রতিশ্রুতিও দিয়েছেন চালকেরা।শিলিগুড়ি ট্রাফিক পুলিশের এই উদ্যোগের ফলে একদিকে যেমন টোটো চলাচলে শৃঙ্খলা ফিরবে,তেমনই শহরের যানজট নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।বিশেষ করে পুজোর মরশুমে রাস্তায় যানবাহন ও মানুষের চাপ বাড়ার আগে এই রুটভিত্তিক ব্যবস্থা কতটা কার্যকর হয়,সেদিকেই এখন নজর।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা,ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ,এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা,এসিপি ট্রাফিক চন্দন দাস,এসিপি ট্রাফিক সুবীর দত্ত,ভক্তিনগর ট্রাফিক গার্ডের ওসি অমর্ত্য চক্রবর্তী-সহ শিলিগুড়ি ট্রাফিক পুলিশের একাধিক ওসি ও আইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *