মালদা: চরম বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। তার জেরে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে মালদার মানিকচক ব্লকের ভূতনি এলাকার বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই থানার ভিতরেও ঢুকে পড়েছে বন্যার জল। নিরাপত্তার কথা মাথায় রেখে ভূতনি থানার পুলিশকর্মীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
তিনটি গ্রাম পঞ্চায়েতের শতাধিক গ্রাম বর্তমানে জলের তলায়। জলবন্দি প্রায় ৬০ হাজার মানুষ। বাড়িঘর থেকে রাস্তাঘাট—সবই কার্যত জলের দখলে। প্রতিদিন বাড়ছে মানুষের দুর্ভোগ ও আতঙ্ক।
পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি তৎপর রয়েছে পুলিশ। ভূতনি ব্রিজের উপর তৈরি করা হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প। সেখান থেকেই চলছে বন্যা পরিস্থিতির উপর নজরদারি এবং জরুরি পরিষেবা দেওয়ার কাজ।
জেলা পুলিশ সুপার অনুপম সিংহ জানান, পরিস্থিতির উপর লাগাতার নজরদারি চালানো হচ্ছে। পুলিশকর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন। ইতিমধ্যেই ভূতনি ব্রিজের উপর অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। বন্যার মধ্যেও সাধারণ মানুষের পাশে থেকে পুলিশকর্মীরা কাজ করছেন।