শিলিগুড়ি: ছটপুজোকে কেন্দ্র করে এবার বিশেষ আকর্ষণ হতে চলেছে শিলিগুড়ির ১ নম্বর গঙ্গানগর ঘাট। রবিবার আনুষ্ঠানিকভাবে খুঁটিপুজো ও ভূমিপুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল এবারের ছটপুজোর প্রস্তুতি। শ্রী শ্রী ছটপুজো সেবা সমিতির উদ্যোগে আয়োজিত এই মহোৎসবে এবার দর্শনার্থীদের জন্য তৈরি করা হচ্ছে এক অভিনব রামনগরী। উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৬০ ফুট উচ্চতার বিশাল প্যান্ডেল তৈরি করা হবে, যা হবে এবারের উৎসবের মূল মঞ্চের অন্যতম প্রধান আকর্ষণ।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চার দিন ধরে চলবে ছটপুজো মহোৎসব। উৎসবের বিভিন্ন দিনে থাকছে বিশেষ ধর্মীয় আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি ভক্তদের জন্য থাকছে ছটপুজোর ঐতিহ্যবাহী প্রসাদ ও বিভিন্ন আয়োজন।
এবারের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ভোজপুরি সঙ্গীত জগতের জনপ্রিয় দুই শিল্পী শিবানী সিং এবং ছিতেন্দ্র ধাতু (বেগুসরাই-২)। তাঁদের উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।
রবিবারের খুঁটিপুজো ও ভূমিপুজোর অনুষ্ঠানে সমিতির সদস্যরা উপস্থিত থেকে উৎসবের সফল আয়োজনের জন্য প্রার্থনা করেন। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত শ্রী শ্রী ছটপুজো সেবা সমিতি দীর্ঘদিন ধরেই গঙ্গানগর ঘাটে ছটপুজোর আয়োজন করে আসছে। এবারও ভক্ত ও দর্শনার্থীদের কাছে উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
চার দিনের এই মহোৎসবকে সফল করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন উদ্যোক্তারা। এখন দেখার, ৬০ ফুটের রামনগরী এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এবারের ছটপুজোয় কতটা নজর কাড়ে ১ নম্বর গঙ্গানগর ঘাট।