শিলিগুড়ি: খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে ফের কড়া অভিযান শিলিগুড়িতে। শিলিগুড়ি পুরনিগম ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন হোটেল ও খাবারের দোকানের রান্নাঘরে অভিযান চালানো হয়। অভিযানে উঠে আসে একাধিক অনিয়মের অভিযোগ।
অভিযোগ, শহরের একটি জনপ্রিয় মিষ্টির দোকান-এর শিরার মধ্যে আরশোলা পাওয়া যায়। পাশাপাশি দোকান থেকে উদ্ধার হয় দীর্ঘদিন ধরে পড়ে থাকা ক্ষীর।
অন্যদিকে, একটি হোটেলের রান্নাঘর থেকে উদ্ধার হয় পচা চিকেন। পাশাপাশি পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ কিছু মসলা। রান্নাঘরের এমন পরিস্থিতি সামনে আসতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে পদক্ষেপ নেওয়া হয়।
অভিযানের সময় সংশ্লিষ্ট দোকান ও হোটেলের কাগজপত্রও খতিয়ে দেখা হয়। অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি রান্নাঘরে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রেখে খাবার তৈরির নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর।