গ্রামীণ উন্নয়নের কাজকে আরও গতিশীল করার পাশাপাশি পঞ্চায়েত স্তরে কর্মরত গ্রামীণ সম্পদ কর্মীদের বিভিন্ন সমস্যার সমাধানেও উদ্যোগী রাজ্য সরকার। কর্মীদের সম্মানিক বৃদ্ধির বিষয়টিও আগামী দিনে বিবেচনা করা হবে। শুক্রবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের উত্তরবঙ্গ সমাবেশে যোগ দিয়ে এমনই আশ্বাস দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিকও।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গ্রামীণ সম্পদ কর্মীদের সম্মানিক বাড়ানো হয়েছে। আগামী দিনেও তাঁদের আর্থিক সুবিধা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একইসঙ্গে কর্মীদের নিজেদের দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার আহ্বান জানান তিনি।
এদিন উত্তরবঙ্গের প্রশাসনিক পরিকাঠামো নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মন্ত্রী। বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানান তিনি। পাহাড়ে স্থায়ী পদ তৈরিতে সময় লাগলে আপাতত চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে বলে জানান দিলীপ ঘোষ।
অন্যদিকে, আবাস যোজনার আবেদনগুলি খতিয়ে দেখে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার কথা বলেন তিনি। তাঁর বক্তব্য, যাচাইয়ের মাধ্যমে যোগ্য আবেদনকারীদের সুযোগ দেওয়া হবে এবং ভুয়ো আবেদনগুলি বাতিল করা হবে।