শীতের আগমনী বার্তা নিয়ে পূর্ব সিকিমের উঁচু পার্বত্য এলাকায় শুরু হল তুষারপাত। বৃহস্পতিবার সকালে নতুন করে তুষারপাতের জেরে সাদা বরফের চাদরে ঢেকে যায় নাথু লা, কুপুপ এবং গ্নাথাং উপত্যকার বিস্তীর্ণ এলাকা। পাহাড়ের ঢাল, রাস্তা থেকে শুরু করে আশপাশের প্রাকৃতিক পরিবেশে ছড়িয়ে পড়েছে বরফের সাদা আস্তরণ। তুষারপাতের এই মনোরম দৃশ্য ঘিরে পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।
অন্যদিকে, এই তুষারময় পরিবেশের মধ্যেই গ্নাথাং উপত্যকায় চলছে তিন দিনব্যাপী সিকিম হিমালয়ান ইয়াক ফেস্টিভ্যাল। পাহাড়ি ঐতিহ্য, সংস্কৃতি এবং ইয়াক পালনকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে নতুন করে হওয়া তুষারপাত। একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে চারপাশে বরফে মোড়া হিমালয়ের অপরূপ সৌন্দর্য—দুইয়ের মেলবন্ধনে গ্নাথাং উপত্যকায় তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ।
উল্লেখ্য, ইয়াক সিকিমের উচ্চ পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ইয়াক পালন, তার পরিচর্যা এবং পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী জীবনধারাকে তুলে ধরতেই এই উৎসবের আয়োজন। স্থানীয় সংস্কৃতি ও পর্যটনকে আরও জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তুষারপাত ও উৎসবকে ঘিরে সিকিমের পর্যটন মানচিত্রে নতুন করে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে নাথু লা, কুপুপ ও গ্নাথাং উপত্যকা।