অবিরাম বৃষ্টিতে রাতভর কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ। পাহাড় থেকে সমতল—উত্তরের বিস্তীর্ণ এলাকাজুড়ে অতিভারী বর্ষণের জেরে দ্রুত বেড়েছে একাধিক নদনদীর জলস্তর। তিস্তা থেকে বালাসন—বেশ কয়েকটি নদী ফুলেফেঁপে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নদীর প্রবল স্রোতে তৈরি হয়েছে বন্যা ও ভূমিধসের আশঙ্কাও।
এই পরিস্থিতির সবচেয়ে বড় প্রভাব পড়েছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ ব্যবস্থায়। পাহাড়ি নদী বালাসনের তীব্র স্রোত এবং ধসের ধাক্কায় দুধিয়ায় নির্মিত অস্থায়ী হিউম পাইপ সেতুর একটি বড় অংশ কার্যত ধসে গিয়ে নদীগর্ভে তলিয়ে গেছে। ফলে শিলিগুড়ি থেকে মিরিকের সরাসরি যোগাযোগপথ বড়সড় বিপর্যয়ের মুখে পড়েছে।
তবে এই কঠিন পরিস্থিতিতে কিছুটা স্বস্তি জোগাচ্ছে ভারতীয় সেনার নির্মিত বেইলি ব্রিজ। ত্রিশক্তি কর্পসের উদ্যোগে তৈরি এই সেতুটি এখনও অক্ষত রয়েছে এবং বর্তমানে এটিই শিলিগুড়ি-মিরিক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ ভরসা হয়ে উঠেছে।
উল্লেখযোগ্যভাবে, গত জুলাই মাসে মাত্র ১৯ দিনে রেকর্ড সময়ে এই বেইলি ব্রিজ নির্মাণ করেছিল ভারতীয় সেনা। সেই সেতুর ওপর দিয়েই বর্তমানে অত্যন্ত সতর্কতার সঙ্গে হালকা যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
অতিভারী বৃষ্টির জেরে নদনদীর জলস্তর আরও বাড়লে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর রয়েছে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের। আপাতত অক্ষত বেইলি ব্রিজের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা যতটা সম্ভব সচল রাখাই বড় চ্যালেঞ্জ।