loader image
Skip to main content

Khabar Siliguri

শিলিগুড়ি: আজ, ১১ সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হচ্ছে একদিনের ব্যাংক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস (UFBU)-এর ডাকে এই ধর্মঘটের প্রভাব পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। শিলিগুড়িতেও একাধিক ব্যাংকের শাখায় পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে সরকারি ব্যাংকগুলির শাখাভিত্তিক পরিষেবায় এর প্রভাব পড়তে পারে।

কর্মী সংগঠনগুলির অন্যতম প্রধান দাবি হল সপ্তাহে পাঁচদিন ব্যাংকিং ব্যবস্থা চালু করা। অর্থাৎ শনিবারকে স্থায়ী ছুটির আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যাংক কর্মী ও আধিকারিকরা।

সংগঠনগুলির দাবি, ২০২৪ সালের মার্চ মাসে পাঁচদিনের কর্মসপ্তাহ চালুর বিষয়ে একটি সমঝোতা হলেও এখনও পর্যন্ত তা কার্যকর করা হয়নি। প্রস্তাবিত ব্যবস্থায় সোমবার থেকে শুক্রবার প্রতিদিন অতিরিক্ত প্রায় ৪০ মিনিট কাজ করার বিষয়টিও ছিল বলে দাবি কর্মী সংগঠনগুলির।

শুধু পাঁচদিনের কর্মসপ্তাহ নয়, Performance Linked Incentive বা PLI ব্যবস্থায় পরিবর্তন, পেনশন সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান-সহ দীর্ঘদিনের একাধিক দাবিও রয়েছে ব্যাংক কর্মী সংগঠনগুলির। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব বিষয় নিয়ে আলোচনা চললেও এখনও কার্যকর সমাধান মেলেনি। সেই কারণেই ধর্মঘটের পথে হাঁটতে হয়েছে বলে জানিয়েছে সংগঠনগুলি।

এদিকে, আজকের ধর্মঘটের পরেও আন্দোলন থামছে না। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ফের তিন দিনের ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ব্যাংক কর্মী সংগঠনগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *