গুয়াহাটি: অসমের গুয়াহাটিতে একটি হোটেলের ভিতরে গুলিচালনার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত চার জনের। এই ঘটনায় আরও কয়েক জন আহত হয়েছেন বলে প্রাথমিক সূত্রে খবর। শহরের বোরা সার্ভিস এলাকার একটি হোটেলে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং শুরু হয় তদন্ত।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই গুলিচালনার ঘটনায় মোট পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিন জন পুরুষ এবং দু’জন মহিলা রয়েছেন। আহতদের মধ্যে হোটেলের কয়েক জন কর্মীও থাকতে পারেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে মৃত ও আহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছে তদন্তকারীরা চার জনের দেহ উদ্ধার করেন। কী কারণে হোটেলের ভিতরে এই গুলিচালনা, কারা এর সঙ্গে জড়িত এবং কীভাবে গোটা ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত হামলার পিছনে থাকা ব্যক্তিদের পরিচয় বা ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য সামনে আসেনি।
গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তাঁর বক্তব্য, ঘটনাস্থল থেকে চারটি দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি ময়নাতদন্তের প্রক্রিয়াও বাকি রয়েছে। যত দ্রুত সম্ভব অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, গুলিচালনার সময় হোটেলের ভিতরে ঠিক কত জন উপস্থিত ছিলেন এবং কত রাউন্ড গুলি চালানো হয়েছিল, তা এখনও জানা যায়নি। ব্যক্তিগত শত্রুতা, কোনও বিবাদ নাকি অন্য কোনও কারণে এই হামলা, তা জানতে বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মৃতদের পরিচয় শনাক্তকরণ, আহতদের শারীরিক অবস্থা এবং ঘটনার নেপথ্যে থাকা রহস্য উদ্ঘাটন—এই মুহূর্তে তদন্তের মূল বিষয়গুলি এগুলিই। পুলিশি তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।