loader image
Skip to main content

Khabar Siliguri

পাহাড়ের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র চৌরাস্তায় শুরু হল নবম সরস মেলা। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, মন্ত্রী শান্তনু প্রামাণিক-সহ প্রশাসনিক আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুডস মিশন (WBSRLM)-এর উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদিত সামগ্রীকে বৃহত্তর বাজারের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও অন্যান্য রাজ্য থেকে আসা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ও শিল্পীরা অংশগ্রহণ করেছেন। তাঁদের তৈরি হস্তশিল্প, তাঁতজাত সামগ্রী, ঘর সাজানোর উপকরণ, পোশাক এবং বিভিন্ন ধরনের গ্রামীণ পণ্য নিয়ে সাজানো হয়েছে একাধিক স্টল। মেলার প্রতিটি স্টলেই ফুটে উঠেছে স্থানীয় শিল্প, সংস্কৃতি ও গ্রামীণ সৃজনশীলতার বৈচিত্র্য।

এই মেলা শুধু কেনাকাটার ক্ষেত্রেই নয়, গ্রামীণ শিল্পীদের নিজেদের কাজ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেও বিশেষ তাৎপর্য বহন করছে। সরাসরি ক্রেতাদের কাছে পণ্য বিক্রির সুযোগ পাওয়ায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আয় বৃদ্ধি এবং আর্থিক স্বনির্ভরতার পথ আরও প্রশস্ত হবে বলে মনে করছেন আয়োজকরা।

আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে এই সরস মেলা। পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছেও মেলাটি বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *