loader image
Skip to main content

Khabar Siliguri

ফুলবাড়ি: মন্দিরের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন অম্বিকানগর শিব মন্দিরে। পুরনো কমিটির সদস্যদের অন্ধকারে রেখে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মন্দির পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

এলাকার যুবক সঞ্জয় বিশ্বাসের অভিযোগ, দীর্ঘদিন ধরে মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত পুরনো কমিটির সদস্যদের কিছু না জানিয়েই নতুন কমিটি গঠন করা হয়েছে। তাঁর দাবি, মন্দির প্রতিষ্ঠার সময় থেকেই তাঁর বাবা ও তাঁদের পরিবার মন্দিরের সঙ্গে যুক্ত থাকলেও নতুন কমিটিতে তাঁদের পরিবারের কাউকে রাখা হয়নি। পাশাপাশি, মন্দির চত্বরে রাতদিন নেশার আসর বসে বলেও অভিযোগ করেছেন তিনি। মন্দিরের পরিবেশ ও পরিচালন ব্যবস্থা নিয়ে তাঁর বক্তব্য ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে, নতুন কমিটির বোর্ড মেম্বার অমিতাভ সরকার অভিযোগগুলি অস্বীকার করে জানান, নতুন কমিটি গঠনের আগে এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়েছিল। একই সঙ্গে পুরনো কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর দাবি, সারা বছর পুরনো কমিটির সদস্যদের মন্দিরে দেখা না গেলেও মেলা আসার আগে তাঁদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সামনেই অম্বিকানগর শিব মন্দিরের ঐতিহ্যবাহী রাসমেলা। তার আগে কমিটি গঠনকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্কের কীভাবে নিষ্পত্তি হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। দুই পক্ষের আলোচনায় সমস্যার সমাধান হয় কি না, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *