loader image
Skip to main content

Khabar Siliguri

আপাতত দৃষ্টিতে ঘটনাটা অবিশ্বাস্য হলেও ঘটনাটা সত্যি, তাই এটা আজ আমাদের অফবিট নিউজ। চোরের ভয়ে অনেকেই রাতে সাইকেল, বাইক বাড়ির বাইরে রাখেন না। ঘরেই গ্যারেজ করেন। কিন্তু বিহারের এক ব্যক্তি এমন কাণ্ড করলেন, যাকে বলা যায় অভূতপূর্ব। চোরের ভয়ে ক্রেন দিয়ে একটি এসইউভিকে তুললেন দোতলা বাড়ির মাথায়। এই ঘটনার ভিডিও-ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। বিহারের গোপালগঞ্জে বাড়ি ওই ব্যক্তির। ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি ক্রেনের সাহায্যে এসইউভিটিকে ঝুলিয়ে ধীরে ধীরে দোতলা বাড়ির ছাদে তোলা হচ্ছে। এক সময় গাড়িটিকে সাবধানে ছাদের ওপর নামিয়ে রাখা হয়। জানা গিয়েছে, এসইউভির মালিক গোপালগঞ্জের বাসিন্দা মনোজ যাদব। তিনি কর্মসূত্রে ইজরায়েল থাকেন।

বিদেশে গেলে তাঁর চালক গাড়ির দেখভাল করেন। কিন্তু এ যাত্রায় চালক গাড়িটি নিজের কাছে রাখতে চাননি। এদিকে চোরের ভয়ে গাড়ি বাড়ির বাইরে রেখে বিদেশে যাওয়ার ঝুঁকি নিতে পারেননি মনোজ। এই অবস্থায় অভিনব কাণ্ড করেন তিনি। বড়সড় একটি ক্রেন ভাড়া করেন। ক্রেন চালকই গাড়িটিকে দোতলা বাড়ির ছাদে তুলে দেয়। এই ভিডিও দেখে চমৎকৃত নেটপাড়া। মজার সব মন্তব্যে উপচে পড়ছে কমেন্টবক্স। একজন লিখেছেন, এই জন্যই বলে, গারিবের কাছে থাকে শান্তির ঘুম। দামি গাড়ি কিনে বেজায় সমস্যায় পড়েছেন ভদ্রলোক। অনেকেই অবশ্য মনোজ যাদবকে সমর্থন করেছেন। তাঁরা বলছেন, সখের জিনিসটিকে সাবধানে রাখায় কোনও অন্যায় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *