loader image
Skip to main content

Khabar Siliguri

শিলিগুড়ি: অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় শিলিগুড়ি জংশন স্টেশনের আধুনিকীকরণের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মঙ্গলবার স্টেশন পরিদর্শনে এসে এমনটাই জানালেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারাহ। পরিদর্শন শেষে তিনি স্টেশনের উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য দেন।

ডিআরএম জানান, স্টেশনের বাইরে থাকা বুকিং কাউন্টার ইতিমধ্যেই নতুন ভবনের ভিতরে স্থানান্তরিত করা হয়েছে। আধুনিকীকরণের কাজ শেষ হলে যাত্রীদের সুবিধার্থে লিফট-সহ একাধিক পরিষেবা ও উন্নত পরিকাঠামো গড়ে তোলা হবে। এর ফলে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

শুধু শিলিগুড়ি জংশন নয়, নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনেও উন্নয়নের কাজ চলছে। ডিআরএমের বক্তব্য, এনজেপি স্টেশনের কাজ ২০২৭ সালের মার্চের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, পুজোর কারণে সাময়িকভাবে বন্ধ থাকা শিলিগুড়ি টাউন স্টেশনের উন্নয়নমূলক কাজও দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিন শিলিগুড়িতে প্রস্তাবিত ডবল লাইন রেল প্রকল্প নিয়েও আশার কথা শোনান ডিআরএম। তাঁর দাবি, প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যেই ফর্ম এ এবং ফর্ম বি জমা পড়েছে। পুজোর কারণে প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হলেও এবার কাজ এগোনোর পরিকল্পনা রয়েছে।

সব মিলিয়ে শিলিগুড়ি জংশন, এনজেপি ও টাউন স্টেশনের আধুনিকীকরণ এবং ডবল লাইন প্রকল্পের অগ্রগতির দিকে নজর রয়েছে রেলযাত্রীদের। নির্ধারিত সময়ে কাজ শেষ হলে উত্তরবঙ্গের রেল পরিকাঠামো ও যাত্রী পরিষেবায় উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *