সীমান্তবর্তী চ্যাংড়াবান্ধা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ হলুদ রঙের সালফারের মতো পদার্থ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ৯টা নাগাদ জাটেশ ঝার নেতৃত্বে মেখলিগঞ্জ থানার একটি বিশেষ পুলিশ দল চ্যাংড়াবান্ধার পানিশালা এলাকায় সুধাংশু সরকারের বাড়িতে অভিযান চালায়।
বাড়িতে তল্লাশি চালানোর সময় পুলিশ উদ্ধার করে মোট ৪৫৫ কেজি হলুদ রঙের সালফারের মতো পদার্থ। পুলিশের দাবি, অভিযানের সময় পুলিশকে দেখে বাড়ি থেকে পালিয়ে যায় সুধাংশু সরকার।
পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া ওই পদার্থ জমি ও বিস্ফোরণের কাজে ব্যবহার করা হতে পারে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাথরের নিচে ট্রাকে করে ওই পদার্থ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল।
তবে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আগেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওই পদার্থ আটক করে।
এদিকে, বাংলাদেশে ভারতবিরোধী কার্যকলাপ এবং সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সন্দেহজনক কার্যকলাপের খবর সামনে আসায় এই ঘটনাকে ঘিরে আরও চাঞ্চল্য তৈরি হয়েছে।
সুধাংশু সরকারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি পলাতক সুধাংশু সরকারের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
মেখলিগঞ্জের SDPO আশীষ পি সুব্বা জানিয়েছেন, মোট ৪৫৫ কেজি মাল আটক করা হয়েছে এবং সুধাংশু সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁর সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
ঘটনার সঙ্গে আর কারা জড়িত, উদ্ধার হওয়া পদার্থ কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল—সেই সমস্ত বিষয় তদন্তের পরই স্পষ্ট হবে।