কিশনগঞ্জ, বিহার: শিশু বিক্রির চেষ্টার অভিযোগে এক মহিলাকে আটক করে দুই মাসের এক শিশুপুত্রকে উদ্ধার করল এসএসবি। ২৮ আগস্ট নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গালগালিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, গালগালিয়া বাসস্ট্যান্ডে একটি শিশুকে বিক্রির চেষ্টা করা হচ্ছে—এমন নির্দিষ্ট তথ্য পাওয়ার পর ৪১ নম্বর ব্যাটালিয়ন এসএসবির ‘এ’ ও ‘জি’ কোম্পানির জওয়ানরা যৌথ অভিযান চালান। অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ৩৭ বছর বয়সি রিঙ্কু যাদব নামে এক মহিলাকে আটক করা হয়। তাঁর কাছ থেকেই ১৯ জুন ২০২৬ জন্ম নেওয়া একটি শিশুপুত্রকে উদ্ধার করা হয়।
এসএসবি সূত্রে দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মহিলা শিশুটিকে ২.৫ লক্ষ টাকার বিনিময়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছে বিক্রি করার পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, তিনি শিশুটিকে নিজের সন্তান বলে দাবি করছিলেন। তাঁর বাড়ি বাগডোগরার হাতখোলা এলাকায় এবং তাঁর স্বামীর নাম অর্জুন যাদব।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, অর্থের প্রয়োজনের কারণে ওই মহিলা শিশুটিকে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন। বাটগাঁও-গালগালিয়া বাসস্ট্যান্ড এলাকায় রাজস্থানের এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছে শিশুটিকে হস্তান্তরের পরিকল্পনা ছিল বলে এসএসবির পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযানে ৪১ নম্বর ব্যাটালিয়নের নিমুগুড়ি ‘এ’ কোম্পানি এবং বাটগাঁও ‘জি’ কোম্পানির জওয়ানদের পাশাপাশি এসএইচকিউ এসএসবি রানিডাঙ্গার অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং টিম এবং কিশনগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা অংশ নেন।
উদ্ধার হওয়া শিশুপুত্র এবং আটক মহিলাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গালগালিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।