loader image
Skip to main content

Khabar Siliguri

শিলিগুড়ি, ৬ সেপ্টেম্বর: সাংবাদিকদের সুস্বাস্থ্য ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগী হল শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাব। ক্লাবের উদ্যোগে এবং বিশিষ্ট চিকিৎসক ডা. শীর্ষেন্দু পালের সহযোগিতায় রবিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হয় বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির।

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ১৩ নম্বর গেটে অবস্থিত শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাব প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. শীর্ষেন্দু পাল। তাঁর পরামর্শ অনুযায়ী একাধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

স্বাস্থ্যকর্মীরা সাংবাদিকদের রক্তের নমুনা সংগ্রহ করেন। পরীক্ষা করা হয় ব্লাড সুগার, ব্লাড প্রেসার, লিপিড প্রোফাইল, HbA1c এবং ইউরিনারি অ্যালবুমিন-ক্রিয়েটিনিন রেশিও (UACR)-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচক। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য পরীক্ষারও ব্যবস্থা করা হয়।

ক্লাব সূত্রে জানা গিয়েছে, সাংবাদিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ করে দিতে আগামী দিনেও নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের স্বাস্থ্য শিবির ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হবে। প্রতি শিবিরে সর্বোচ্চ ৩০ জন সাংবাদিক ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ ভিত্তিতে এই পরিষেবার সুযোগ পাবেন।

শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবের সাধারণ সম্পাদক তারক সরকার জানান, সাংবাদিকদের ব্যস্ত কর্মজীবনের কারণে অনেক সময় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো সম্ভব হয় না। সেই বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার মাধ্যমে সাংবাদিকদের সুস্থ রাখাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

স্বাস্থ্য শিবিরের উদ্যোগকে স্বাগত জানান ডা. শীর্ষেন্দু পাল। তিনি বলেন, বর্তমান জীবনযাত্রায় অনিয়ম ও বিভিন্ন লাইফস্টাইলজনিত কারণে মানুষের মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মতো সমস্যা ক্রমশ বাড়ছে। রক্ত পরীক্ষার মাধ্যমে এই ধরনের সমস্যাগুলি প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সম্ভব। সময়মতো রোগ নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *