loader image
Skip to main content

Khabar Siliguri

কলকাতা: হাসপাতাল থেকে পাম এবিনিউ ফিরে গেলেন বুদ্ধপত্নী মীরা ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তিনি এখন ভালো আছেন। তীব্র পেটের ব্যথা ও সামান্য শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ২১ অগস্ট (শুক্রবার) আলিপুরের এই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৬ বছর বয়সী মীরাদেবী। চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনমতো খাওয়া-দাওয়া করেন না বুদ্ধ-পত্নী। তাই, সময়মতো তাঁকে খেয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিন হাসপাতাল থেকে ছাড়ার সময় দেখা যায়, একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্য সবসময় মায়ের পাশে রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি যাওয়ার পথে চিকিৎসকদের হাত জোড় করে নমস্কার করে ধন্যবাদ জানান বুদ্ধ-জায়া। মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে কোনও কথা বলেননি সুচেতন।

মীরা ভট্টাচার্য হাসপাতালে ভর্তি থাকার সময় তাঁকে দেখতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতালে বুদ্ধ-জায়ার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছিলেন তিনি। চিকিৎসকদের সঙ্গেও কথা বলে মীরাদেবীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মীরাদেবী ভালো আছেন জেনে খুশিতে কার্যত আনন্দাশ্রু দেখা যায় মুখ্যমন্ত্রীর চোখে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, রাজ্যের জন্য যেন ভালো কাজ করতে পারেন, সেই বিষয়ে মীরাদেবীর কাছে আর্শীবাদ প্রার্থনা করেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *