loader image
Skip to main content

Khabar Siliguri

নদিয়া: দীপাবলীর আগেই শত শত ঘিয়ের প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠল মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দির। দামোদর মাস উপলক্ষে দেশি-বিদেশি ভক্তদের অংশগ্রহণে শুরু হয়েছে বিশেষ দীপদান উৎসব। প্রতিদিন সন্ধ্যায় মন্দির চত্বরে ভক্তদের ভিড় জমছে। ভক্তিময় পরিবেশে চলছে দামোদর অষ্টকম পাঠ ও প্রদীপ প্রজ্বলন।

ইসকন সূত্রে জানা গিয়েছে, কার্তিক মাসের কোজাগরী লক্ষ্মীপূর্ণিমা থেকে শুরু হওয়া এই বিশেষ উৎসব চলবে রাসপূর্ণিমা পর্যন্ত। এই সময় প্রতিদিন সন্ধ্যায় মায়াপুরের বিশ্ব ইসকন সদর দফতরের চন্দ্রোদয় মন্দিরে উপস্থিত হচ্ছেন বহু ভক্ত। সন্ধ্যারতির পর তাঁরা ভগবান দামোদরের উদ্দেশে ঘিয়ের প্রদীপ নিবেদন করছেন এবং দামোদর অষ্টকম পাঠে অংশ নিচ্ছেন।

শুধু মায়াপুরেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসকনের মন্দিরগুলিতেও দামোদর মাস উপলক্ষে এই দীপদান উৎসব পালিত হচ্ছে। ভক্তদের বিশ্বাস, ভগবানের উদ্দেশে প্রদীপ নিবেদন করলে তাঁর কৃপা লাভ হয় এবং জীবনে মঙ্গল আসে। সেই বিশ্বাস থেকেই প্রতি বছর এই উৎসবে অংশ নেন দেশ-বিদেশের অসংখ্য ভক্ত।

প্রদীপের আলো, প্রার্থনা এবং ভক্তিগীতিতে সন্ধ্যার পর মায়াপুর মন্দির চত্বর এক বিশেষ আধ্যাত্মিক আবহে ভরে উঠছে। দীপাবলীর আগে এই দীপদান উৎসব ভক্তদের কাছে ধর্মীয় আবেগ ও ভক্তি প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে উঠেছে। রাসপূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় এই বিশেষ আয়োজন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *