দক্ষিণ চব্বিশ পরগনা : সাত সকালে প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে ভাটার টানে তলিয়ে যাচ্ছিলেন এক পর্যটক। প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস চেষ্টায় তাঁকে উদ্ধার করলেন সিভিল ডিফেন্স কর্মীরা। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা থেকে আটজনের একটি পর্যটকদল এদিন বকখালিতে বেড়াতে আসে। সমুদ্র উত্তাল থাকায় সিভিল ডিফেন্সের তরফে বারবার মাইকিং করে পর্যটকদের গভীর জলে যেতে নিষেধ করা হচ্ছিল। অভিযোগ, সেই সতর্কতা উপেক্ষা করেই দলের সদস্য উদয় বৈরাগ্য (৫৩) গভীর জলের দিকে চলে যান।
সেই সময় সমুদ্রে ভাটা চলছিল। আচমকাই ভাটার প্রবল টানে তিনি তীর থেকে অনেকটা দূরে চলে গিয়ে জলে তলিয়ে যেতে থাকেন। বিপদ বুঝতে পেরে প্রাণভয়ে হাত নেড়ে সাহায্যের জন্য চিৎকার শুরু করেন তিনি। বিষয়টি নজরে আসতেই দ্রুত উদ্ধারে নামেন সিভিল ডিফেন্স কর্মীরা।
সমুদ্র ব্যাপক উত্তাল থাকায় উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হয়। সৈকতেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। অসুস্থ পর্যটককে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বর্তমানে চিকিৎসাধীন।