জলপাইগুড়ি, ৭ সেপ্টেম্বর: সিপিআইএমের জলপাইগুড়ি জেলা কার্যালয় সুভাষ সেন ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিজেপি ও এবিভিপি-র বিরুদ্ধে। সোমবার রাতে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে বলে সিপিআইএমের অভিযোগ। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় জলপাইগুড়ি শহরে প্রতিবাদ ও ধিক্কার মিছিলের ডাক দিয়েছে দল।
সিপিআইএমের অভিযোগ, সোমবার রাতে বিজেপি ও এবিভিপি-র সঙ্গে যুক্ত একদল দুষ্কৃতী সুভাষ সেন ভবনে চড়াও হয়। কার্যালয়ে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। দলীয় লাল পতাকাতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সিপিআইএমের জলপাইগুড়ি সদর এরিয়া সম্পাদক দেবরাজ বর্মন-সহ জেলা, ছাত্র ও যুব সংগঠনের একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। দলের দাবি, আহতের সংখ্যা ১০ থেকে ১৫ জন।
সিপিআইএমের জেলা সম্পাদক পীযুষ মিশ্র এই হামলার তীব্র নিন্দা করেছেন। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় সুভাষ সেন ভবন থেকে প্রতিবাদ ও ধিক্কার মিছিল বের হবে। জেলা জুড়ে এই কর্মসূচি পালনের পাশাপাশি দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সিপিআইএম।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। হামলা ও অগ্নিসংযোগের অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য এদিন রাত পর্যন্ত জানা যায়নি।